নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে।‘আমরা আশঙ্কা করছি, এ রকম আরো ঘটনা ঘটতে পারে।’
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
বিএনপির মহাসচিব জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেককেই তুলে নিয়ে গিয়ে হত্যা করে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে।
তিনি বলেন, শপথ গ্রহণ করেছি, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।










