রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে আধিপত্যবিরোধী ঐক্য নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ মিলে এ প্যানেল গঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজিব।
এ প্যানেলকে ছাত্রশিবিরের ‘বি টিম’ বলা হচ্ছে—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘মেহেদী সজিব যদি প্যানেল ঘোষণা করে ঘুমিয়েও থাকেন, তাহলেও অনেক প্রার্থীর চেয়ে বেশি ভোট পাবেন। তাই এটিকে শিবিরের ‘বি প্যানেল’ বলার কোনো সুযোগ আমি দেখি না। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজিয়েছেন, আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে প্যানেল সাজিয়েছি। আমরা সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চাই।’










