শতভাগ আবাসন নিশ্চিত ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনের আচরণবিধি ও খসড়া ভোটার তালিকার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিষ্ঠার ৭২ বছর কেটে গেলেও নিশ্চিত হয়নি শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও সে অনুযায়ী কাজ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যত দিন পর্যন্ত রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা না হবে, তত দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘জুলাই আন্দোলনের ৯ দফার অন্যতম প্রতিশ্রুতি হলো ছাত্র সংসদ বাস্তবায়ন করা। পাশাপাশি আরেকটি প্রতিশ্রুতি ছিল, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির মূলোৎপাটন করা। আমরা মনে করছি, কার্যকর রাকসু গঠনের মাধ্যমে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সম্ভব। কিন্তু যারা এ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারাই এ ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাকসু নিয়ে একটা রোডম্যাপ দিয়েছিল, কিন্তু তা আমরা এখনো বাস্তবায়ন হতে দেখিনি। প্রশাসন যে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে, আমরা মনে করছি, সেটা হাঁটুভাঙা কমিশন। কারণ তারা কোনো খসড়া ভোটার তালিকা নিশ্চিত করতে পারেনি। তাই অনতিবিলম্বে খসড়া ভোটার তালিকা দিতে হবে।’

এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয়, আমরা যে রাকসু নির্বাচনের দাবি জানিয়েছিলাম, তার কোনো কিছু হয়নি। আমাদের ক্যাম্পাসের জন্য রাকসু নির্বাচন ও আবাসিকতা নিশ্চিত করা খুব প্রয়োজন।’