সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ঝন্টুু দাস (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছেন।

গতকাল বিকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সালদিঘা হাওরে এ ঘটনা ঘটে। নিহত ঝন্টু দাস উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী সিচনী গোলাম রব্বানী ইটভাটা থেকে ঝন্টু দাসসহ কয়েকজন শ্রমিক নৌকায় ইটবোঝাই করে সলফ গ্রামে রওনা দেন। দুপুরে হঠাৎ সালদিঘা হাওরে প্রচণ্ড ঝড় শুরু হলে ইটবোঝাই নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ঝন্টু দাস পানির নিচে তলিয়ে যান। নৌকায় থাকা অন্য শ্রমিকরা আহতাবস্থায় সাঁতার কেটে হাওরের ফসল রক্ষা বাঁধে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ঝন্টু দাসকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে বিকালে নিখোঁজ ঝন্টু দাসের মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।