নরসিংদীতে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা কয়েকজন শিক্ষার্থী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছেন। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আনসার সদস্যদের হাতে তুলে দেয়া হয়। আনসার ও ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হরিয়ালা গ্রামের মো. মনির হোসেন (৪০), শহরের বাসিন্দা রাসেল আহম্মেদ (৩২) ও প্রাইভেট কারচালক আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের জুলহাস মিয়া (৩২)।
আনসার কর্মকর্তা ও শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেট কার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে প্রাইভেট কারে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এ সময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেট কারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি।










