সরকার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আনন্দ স্কুল (সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল অ্যান্ড কলেজ) ভোট কেন্দ্রে ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার শুরু থেকেই তিনটি ম্যান্ডেট সামনে রেখেছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে সর্বশেষ ম্যান্ডেট ছিল নির্বাচন আয়োজন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছেন; এখানে কারো ব্যক্তিগত পছন্দ চাপিয়ে দেয়ার সুযোগ নেই।
তিনি আরো বলেন, মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী বুথগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে আয়োজনের চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।














