নড়াইলে ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে একটি মাদ্রাসা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সামান্য ঝড়ে জেলা শহরের দুর্গাপুর এলাকার খাদেমুল ইসলাম মাদ্রাসাটির টিনের চালা উড়ে যায়। এ সময় দেয়ালের ইটের গাঁথুনিও ভেঙে পড়ে। ঘরের আসবাব, ফ্যান, ধর্মীয় বইসহ অন্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
মাদ্রাসার ছাত্ররা জানায়, কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে অল্প সময়ের মধ্যে ঘরের চালাসহ দেয়ালের গাঁথুনি ভেঙে পড়ে। দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ঝড়ের সময় মাদ্রাসায় ছিলাম না। খবর পেয়ে দ্রুত মাদ্রাসায় এসে দেখি টিনের চালা উড়ে প্রায় ১৫০ ফুট দূরে পড়ে আছে। মাদ্রাসায় ৩২ জন আবাসিক ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। সবাই খোলা আকাশের নিচে অনেক কষ্টে জীবনযাপন করছেন।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন করেছি। আমার সাধ্যমতো সহযোগিতা করব। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পুনর্নির্মাণে সহযোগিতা করা হবে।










