চাঁদপুর শহর রক্ষা বাঁধের টিলাবাড়ী এলাকায় আকস্মিক নদীভাঙন দেখা দিয়েছে। নদীতে ধসে গেছে বেশকিছু স্থানের ব্লক। নদীতীরের মাটিতে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। গতকাল সকাল ৬টার দিকে এ ভাঙন দেখা দেয়। এদিকে নদীতে স্রোতের তীব্রতা ক্রমেই বাড়ছে। এতে টিলাবাড়ী এলাকার বাঁধের ব্লক হুমকির মুখে রয়েছে।
স্থানীয়রা জানান, টিলাবাড়ী এলাকা ঘনবসতিপূর্ণ। এখানে জেলে সম্প্রদায়ের মানুষ বসবাস করে। ফলে এখানকার নিম্ন আয়ের শতাধিক জেলে পরিবার বসতভিটা হারানোর আতঙ্কে রয়েছে।
এদিকে ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
জেলা প্রশাসক বলেন, ভাঙনস্থলে ১৪ হাজার সিসি ব্লক ও চার হাজার জিও ব্যাগভর্তি বস্তা দ্রুত ফেলতে নির্দেশনা দিয়েছি।
পৌর মেয়র বলেন, ভাঙন কেন দেখা দিল তা খতিয়ে দেখা হবে। তবে এ মুহূর্তে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, আমাদের কাছে মজুদকৃত চার হাজার জিও ব্যাগ ও ১৪ হাজার সিসি ব্লক ভাঙন প্রতিরোধে ফেলার ব্যবস্থা নিচ্ছি। তবে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।










