পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রকৃতির অ্যাকশন থেকে বাঁচতে পরিবেশ সংরক্ষণ করতে হবে। শুধু বন নয়, এর সঙ্গে তৃণ-লতা, পশু-পাখিসহ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। অবৈধভাবে পাহাড়, টিলা, বৃক্ষ কর্তন বন্ধ করতে হবে। প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে কেউ বাঁচতে পারব না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী গতকাল বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বিভগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।










