দিনাজপুরের হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রীর কাছ থেকে বাংলাদেশী ৫ লাখ টাকা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুর ১ টায় ভারতীয় ওই পাসপোর্টধারী যাত্রী সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের পর এসব টাকা উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম মিথুন সরকার (৩৪)। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তপন সরকারের ছেলে। 

এ বিষয়ে মিথুন সরকার বলেন, বাংলাদেশে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আমি বাংলাদেশে প্রবেশ করার আগে এক নারী এসব টাকা  দেন। ওই নারী বলেছিলেন যে, তিনি ভারতে এক ব্যক্তির চিকিৎসা করতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তা করানো সম্ভব হয়নি। তার আগেই রোগী মারা যায়। ফলে এ টাকা বেঁচে যায়। ওই নারীর অনুরোধে এসব টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।   

হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মিথুন সরকার নামের এক ভারতীয় পাসপোর্ট যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। কাস্টমসে প্রবেশের পর ওই যাত্রীর প্যান্টের পকেট বেশ উচু দেখতে পায়। এসময় সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ৫ লাখ টাকা পাওয়া যায়। টাকাগুলো জব্দ করে এগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে ওই পাসপোর্ট যাত্রীকে অঙ্গিকার নামা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।