মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত ২০ জন। গতকাল সকালে কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে সহিংসতার ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার সুলতান হোসেনের ছেলে সাহাদুল ইসলাম (৫৫) ও জাহারুল ইসলাম (৫৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।
নিহত সাহাদুলের মেয়ে সুবর্ণা জানান, নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী ও বর্তমান সদস্য আজমাইন হোসেন টুটুল সকালে ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী আতিয়ার রহমানের লোকজন তাকে মারধর করে। খবর পেয়ে সাহাদুল ও জাহারুলসহ অন্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালায় আতিয়ারের লোকজন। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই ভাই সাহাদুল ও জাহারুল। নিহতদের বাড়িঘরেও হামলা চালানো হয়।
ঘটনার পর পরই গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আমান বান্নার নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় আতিয়ার রহমানের বাড়ি থেকে সংঘর্ষে ব্যবহূত ১১টি ধারালো অস্ত্র, দুটি টেটা, একটি বল্লম ও তিনটি মাথাল উদ্ধার করা হয়। ক্যাম্প কমান্ডার বলেন, হত্যাকারীদের আটকের জোর প্রচেষ্টা চলছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে থানায় নেয়া হয়েছে। কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আটক দেখানো হবে।










