আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জানাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডেকেছিলেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, উনি আমাদেরকে ডেকেছিলেন, নিশ্চিত করতে চেয়েছেন নির্বাচন সঠিক সময়েই হবে। তাই এ ব্যাপারে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়।

সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে পেটানোর বিষয়ে তিনি বলেন, এটা গর্হিত কাজ। আমাদের মতামত আমরা পরিষ্কারভাবে বলেছি। এটা অত্যন্ত উদ্বেকজনক। গভীরভাবে এর তদন্ত করা দরকার। সেই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের কথা উল্লেখ করেন তিনি। এ সময় নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এ ধরনের কাজ করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী হবে। প্রধান উপদেষ্টা সেটিই নিশ্চিত করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় দলের নেতার সঙ্গে কথা বলার। এটা তার নিজস্ব এখতিয়ার।

এদিন সন্ধ্যা সোয়া ৭টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠক করতে যান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির প্রতিনিধিদল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।