সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শাখা ক্যাম্পাস চালু করতে চায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ বিষয়ে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে একটি আবেদন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে কিছু উল্লেখ না থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিলছে না বলে জানা গেছে। 

ডিআইইউর একটি সূত্র জানিয়েছে, দুবাইয়ে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি চেয়ে প্রায় তিন মাস আগে ইউজিসিতে আবেদন জানায় ডিআইইউ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে ইউজিসির পক্ষ থেকে তখন জানানো হয়। তবে দীর্ঘদিন পার হলেও বিশ্ববিদ্যালয়টিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি এখনো। 

অন্য একটি সূত্র অবশ্য জানিয়েছে, ইউজিসির সর্বশেষ মাসিক সভায় এ বিষয়ে অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অনুমোদন ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা থাকলেও দেশের বাইরে শাখা পরিচালনা সম্পর্কে কিছু উল্লেখ নেই। সে কারণেই এ বিষয়ে কমিশনের মতামত কিংবা বিদেশে বিশ্ববিদ্যালয়ের শাখার অনুমোদন দেয়া হয়নি।  

দুবাইয়ে শাখা খোলার বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নেয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের মাধ্যমে অনুমতি চেয়ে ইউজিসিতে আবেদন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিআইইউর রেজিস্ট্রার ড. মোহাম্মেদ নাদির বিন আলী বণিক বার্তাকে বলেন, ‘বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বেশ সুনাম কুড়িয়েছে। স্বনামধন্য বিদেশী বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশসহ বিভিন্ন দেশে শাখা ক্যাম্পাস পরিচালনা করে তেমনি ড্যাফোডিল কর্তৃপক্ষও চেয়েছিল দুবাইয়ে একটি শাখা চালু করতে। বিষয়টি এখনো আবেদন পর্যায়ে রয়েছে। ইউজিসি আমাদের অফিশিয়ালি কিছু জানায়নি। যদি অনুমতি দেয়া হয় তবে এ বিষয়ে সামনে এগোনো হবে, অন্যথায় শাখা চালু করা হবে না।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে বিষয়টি না থাকার বিষয়ে ড. নাদির বিন আলী বলেন, ‘আগে হয়তো বিদেশে শাখার কথা ভাবা হয়নি, তাই নীতিমালায় বিষয়টি উল্লেখ নাও থাকতে পারে। তবে আগে ছিল না বলে যে কোনো বিশ্ববিদ্যালয় এ বিষয়ে ভাববে না তেমন তো নয়। এছাড়া বিদেশে যদি বাংলাদেশী বিশ্ববিদ্যালয় শাখা চালু করে সুনাম অর্জন করতে পারে, সেটি আমাদের দেশের জন্যও গর্বের হবে।’

উচ্চশিক্ষা খাতে ড্যাফোডিল ভালো করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিদেশে শাখা প্রতিষ্ঠার বিষয়ে কিছু বলা না থাকায় অনুমোদন মেলেনি বলে জানান ইউজিসির সদস্য সচিব ড. ফেরদৌস জামান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ইউজিসির বিগত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে আইনের অধীনে পরিচালিত হয়, তাতে এ বিষয়ে উল্লেখ না থাকায় ইউজিসি ড্যাফোডিলকে দুবাইয়ে শাখা ক্যাম্পাস চালুর অনুমতি দেয়নি। অফিশিয়ালি চিঠির মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয়টিকে জানানোর কথা। যদি তারা এখনো চিঠি না পায়, কয়েকদিনের মধ্যে হয়তো পেয়ে যাবে।’ 

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিদেশে শাখা খোলার বিষয়ে কোনো কিছু উল্লেখ না থাকাকে এক্ষেত্রে বাধা হিসেবে মানতে নারাজ বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান শেখ কবির হোসেন। বণিক বার্তাকে তিনি বলেন, ‘আমাদের দেশের বিশ্ববিদ্যালয় যদি বিদেশে ক্যাম্পাস খোলার সক্ষমতা অর্জন করে তাহলে সেটি অবশ্যই পজিটিভ। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় যেহেতু বিদেশে শাখা চালু করতে চাচ্ছে নিশ্চয়ই তাদের সে সক্ষমতা রয়েছে। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে যদি এ বিষয়ে কিছু বলা না থাকে তবে তো বাধার কিছু নেই। তারা যে দেশে শাখা ক্যাম্পাস চালু করতে চায় সে দেশ অনুমতি দিলে শাখা চালু করতে পারার কথা।’