ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির টানা তৃতীয় দফা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দ্বিপক্ষীয় সফরে তিনি ভারতে যাচ্ছেন। ২১ জুন তার দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর দুই অথবা তিনদিনের হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ২২ জুন তার বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। ভারতের অগ্রাধিকার হচ্ছে নিরাপত্তা। অন্যদিকে বাংলাদেশের অগ্রাধিকার পানি এবং এ ক্ষেত্রে তিস্তাসহ অন্যান্য নদীর পানি বণ্টন নিয়ে জটিলতা এখনো কাটেনি। এছাড়া ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশী হত্যা এবং বাণিজ্যের কিছু ক্ষেত্রে অশুল্ক বাধা নিয়েও জটিলতা রয়েছে। এসব বিষয় দ্বিপক্ষীয় বৈঠকে উঠে আসবে বলে কূটনৈতিক সূত্রটি জানিয়েছে। 

এদিকে শপথ নেয়ার পর শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির সংক্ষিপ্ত বৈঠক হয়। উভয় নেতাই পরস্পরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান।