পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, নির্বাচনের আগেও আমি বলেছিলাম, আমি নির্বাচিত হলে নান্দাইলের পরিবহনে কোনো চাঁদাবাজি চলবে না। এখন আমি নির্বাচিত হয়ে বলছি, আজ থেকে রিকশা, অটোরিকশা, বাস, ট্রাকে সড়কে কোনো চাঁদাবাজি চলবে না। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, আপনার সব সময় সড়ক আইন মেনে গাড়ি চালাবেন। সড়কে
যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কেউ চাঁদা চাইলে আমাদের জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা নেব।
চাঁদাবাজদের চিহ্নিত করা না গেলে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা যাবে না।
তিনি বলেন, আমি মন্ত্রী হয়ে যতটুকু খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি
হয়েছে আপনাদের (এলাকাবাসী) আনন্দ দেখে। আমি চেষ্টা করব উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে
গিয়ে আপনাদের কথা শুনতে।
পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষাখাতে যত প্রকার সুযোগ সুবিধা ও বাজেট
আছে। আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। শিক্ষার মানের বিষয়টা দেখবেন শিক্ষকরা। আমি প্রত্যাশা
করব, শিক্ষকরা তাদের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবে। আমি স্বাস্থ্যখাতে যথেষ্ট পরিবর্তন
আনার চেষ্টা করব।
এ সময় তিনি নির্বাচনের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের
জন্য ধন্যবাদ জানান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আমিনুল ইসলাম শাহান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর মেয়ে ওয়াহিদা হোসেন রুপা, জেলা পরিষদের
চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মতিউর রহমান
ভুঁইয়া, নান্দাইল উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাইম ভুঁইয়া ফারুক, নান্দাইলের সাবেক
উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
মাজাহারুল হক ফকির, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, চন্ডিপাশা ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভুঁইয়াসহ অনেকে।










