বরিশাল নগরীর রূপাতলী এলাকায় প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি খাল ও সড়কের জমি দখল করে ২০টি দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রূপাতলী এলাকার রেইনট্রিতলা নামক স্থানে অবস্থিত খাল এবং সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দোকান নির্মাণ করেছেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহামুদ তারিক। সঙ্গে রয়েছেন তার অনুসারী যুবলীগ নেতা পরিচয়দানকারী সাহান সিকদার।
সরেজমিনে দেখা গেছে, জেলা পরিষদের ওই খালের অর্ধেকের বেশি অংশ দখল করায় খালের অস্তিত্ব সংকটে পড়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কঘেঁষে দোকানঘর নির্মাণ করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অবৈধ দখল করা জমিতে নির্মাণকরা দোকানের এক ভাড়াটিয়া বলেন, মাস শেষে যুবলীগ নেতা সাহান সিকদারের কাছে ভাড়ার টাকা দিই। অভিযুক্ত যুবলীগ নেতা সাহান সিকদার বলেন, এ বিষয়ে তারিক ভাই ভালো বলতে পারবেন। সাফিন মাহামুদ তারিকের ব্যবহূত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্রমতে, শুধু রূপাতলীর রেইনট্রিতলা নয়; শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপপিয়া সেতুর টোলঘরের দক্ষিণ পাশেও সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ। আর সেখান থেকেও একটি প্রভাবশালী মহল মাসশেষে আয় করছেন প্রায় অর্ধলাখ টাকা।
২৪নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সারাস দেশেই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য বেড়েছে। তেমনি ২৪ নং ওয়ার্ডেরও ব্যতিক্রম হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের দায়িত্বরত রোড ইন্সপেক্টর (আরআই) অনিক চৌধুরী বলেন, আমি কিছুদিন আগে এ ওয়ার্ডের দায়িত্ব পেয়েছি। তাই খাল দখলের ব্যাপারে ভালো কিছু বলতে পারব না। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, আমাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান। জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট পেলেই রূপাতলী সড়কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।










