বগুড়ার শাজাহানপুরে সাদিয়া মোস্তারী (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিল তার দুই সন্তানের রক্তাক্ত মরদেহ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি মণ্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যা অথবা অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সাদিয়া মোস্তারী ওই গ্রামের শাহাদত হোসেন ওরফে কাজলের স্ত্রী। শাহাদত হোসেন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত রয়েছেন। ২০ নভেম্বর সাত দিনের ছুটিতে বাড়ি আসেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ঘর থেকে রক্তমাখা একটি বটিও উদ্ধার করা করা হয়েছে। শাহাদত হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ছয় বছর আগে শাহাদত হোসেনের সঙ্গে সাদিয়া মোস্তারীর বিয়ে হয়। তাদের দুটি সন্তার রয়েছে। এর মধ্যে মেয়ে সাহিফার বয়স চার বছর। আর ছেলে সাইদের বয়স আট মাস। দুই শিশু সন্তানকে নিয়ে সাদিয়া খলিশাকান্দি মণ্ডলপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। গতকাল সকালে শাহাদতের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তিনজনের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণ তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ওই নারীর স্বামীকে।