চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার বিকালে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় ১০ জনের বেশি আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণসংহতির নেতারা। হামলায় আহত অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি ও ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল অন্যতম।

জোনায়েদ সাকি বলেন, সকালে আমরা সীতাকুণ্ড গিয়েছিলাম। পরে বিকালে চমেকে রোগীদের দেখতে যাই। কিন্তু যখন আমরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাড়িতে উঠি তখন গাড়ির ওপর হামলা চালানো হয়। আমি গাড়িতে ছিলাম। ইট দিয়ে হামলা করেছে। নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তাদের ওপর হামলা করেছে। এতে আমাদের ২০ জন আহত হয়েছেন। আমাদের সাতটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় হামলার শিকার হয়েছেন। হামলার সময় দুজন পুলিশ সদস্য আমাদের রক্ষা করেছেন। অন্যদের তেমন কোনো ভূমিকা ছিল না।

তবে এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদারের বক্তব্য পাওয়া যায়নি।