আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভাবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা আছে, তারা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন না। ফলে বিদেশে বসে ভোট দেয়ার কোনো সুযোগ তাদের থাকবে না।

এ সময় শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমার জানা মতে তিনি পারবেন না। কারণ তার এনআইডি ব্লক করা আছে।

এর আগে গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। বাকি ৯ জন হলেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চালু হচ্ছে। তবে এই নিবন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র এনআইডিই বাধ্যতামূলক। যাদের এনআইডি লক থাকবে, তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না।

তিনি আরো জানান, মামলা বা অন্যান্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে।