গতকাল সকাল ৯টার দিকে জরুন এলাকায় রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে কারখানার কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত ও ভেতরে ভাংচুর করেন তারা। পরে বিকালে বকেয়া পরিশোধ শুরু হলে পরিস্থিতি শান্ত হয়।
শিল্প পুলিশ জানায়, তিন মাসের বকেয়া নৈশ বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। সেদিন বিকাল ৫টার দিকে আন্দোলন স্থগিত করে করে চলে যান তারা। একই দাবিতে গতকাল সকাল ৮টায় শ্রমিকরা আবারো কর্মবিরতি শুরু করেন। এ সময় পাওনা পরিশোধ নিয়ে কারখানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে শ্রমিকদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে শ্রমিকরা কারখানার অ্যাসেম্বলিতে গিয়ে অবস্থান নেন এবং কারখানায় ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, ‘মালিকপক্ষ সব দাবি মেনে নেয়ায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে রিপন নিট ওয়্যার লিমিটেডের কাটিং সেকশনের এক অপারেটর বলেন, ‘প্রতিদিন রাত ১১-১২টা পর্যন্ত তারা ডিউটি করেন। অথচ ঠিকমতো বিল পরিশোধ করে না কারখানা কর্তৃপক্ষ। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত ডিউটি করতে হয়।’ ওই সেকশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকরা একই দাবিতে বুধবার আন্দোলন শুরু করেন। গতকাল সকাল ৮টার পর থেকে আবার আন্দোলন শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা স্টাফদের ওপর হামলা চালায় ও কারখানায় ভাংচুর করেন। আমি কোনোমতে পালিয়ে রক্ষা পেয়েছি।’
রিপন নিট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, তিন মাসের নৈশ বিল পরিশোধ করা হয়েছে। এছাড়া বার্ষিক ছুটির টাকা আগামী রোববার অথবা সোমবারের মধ্যে পরিশোধ করা হবে।










