বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (৭ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে চাওয়া তা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য।

বাংলাদেশে এখন দুর্গাপূজার সময়। নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত। এ পরিস্থিতিতে মার্কিন সরকার সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে কিনা— প্রেস ব্রিফিংয়ে এ প্রশ্নের জবাবে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে মন্তব্যটি করেন মিলার।

আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্স ও মব লিঞ্চিংয়ের ঘটনা নিয়ে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে কিনা এবং মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কীভাবে দেখছে।

জবাবে মিলার বলেন, প্রশ্নকারীর উল্লেখ করা বিষয়ে আলাদা আলাদা করে তিনি বলতে পারবেন না। তবে তিনি বলতে পারেন যে, মাত্র দুই সপ্তাহ আগেই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা দেখতে চাই মানবাধিকার সুরক্ষিত হোক, এবং গত কয়েক মাসে যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত।