ঈদের পর থেকেই বাজারে সবজির দাম চড়া। গত সপ্তাহের টানা বৃষ্টির কারণে আরো বেড়েছে সবজির দাম। বাজারে বেশির ভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেশি। অস্বাভাবিকভাবে ওঠানামা করছে কাঁচামরিচের দাম। গতকাল মানভেদে বাজারে কাঁচামরিচের কেজি ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা কয়েক দিন আগেও ছিল ২০০ টাকার মধ্যে। গতকাল রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, শ্যামবাজার ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সবজির সঙ্গে দাম বেড়েছে পেঁয়াজেরও। কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। এছাড়া দেশী হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। সবজির মধ্যে বরবটি, গাজর, বেগুন, কচুরমুখী ও করলা বাড়তি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বরবটি ১০০ থেকে ১২০ টাকা এবং কচুরমুখী, বেগুন ও করলার কেজি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এসব সবজির দর কেজিতে বেড়েছে ২০ টাকার মতো।
এছাড়া কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা, পটোল ও ঢেঁড়স ৬০ থেকে ৭০, ধুন্দল ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১০০ থেকে ১৫০ ও টমেটো ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে চড়া দামে থাকা ডিমের বাজার অপরিবর্তিত রয়েছে এ সপ্তাহেও। গত সপ্তাহের মতো প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। ব্রয়লার মুরগির দাম তুলনামূলক অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। সোনালি জাতের মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় কেনা যাচ্ছে। গরুর মাংসের কেজি কোথাও ৭৫০ কোথাও ৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।










