সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও মাহমুদা খানম মিতু দম্পতির দুই শিশুর জবানবন্দি গ্রহণকালে তদন্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুকের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ ভঙ্গের অভিযোগ তুলেছেন বাবুল আকতারের ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান। গতকাল সকাল ১০টায় মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে হাজির হয়ে মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক শিশুদের দীর্ঘ ৩ ঘণ্টা ধরে জবানবন্দি গ্রহণ করেন।
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও মিতু দম্পতির দুই শিশু সন্তানকে জিজ্ঞাসাবাদে ২৩ জুন, ২০২১ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭, শিশু আদালত চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে শিশু আইন মেনে জবানবন্দি গ্রহণের নির্দেশ দেন।
বাবুল আকতারের ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান অভিযোগ করেন, এক বছর আগে আদালতের নির্দেশনা থাকলেও তদন্ত কর্মকর্তা মাগুরা না গিয়ে শিশুদের চট্টগ্রামে হাজির করার চেষ্টা চালান। পরবর্তী সময়ে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাইকোর্টে রিভিশন করেন। হাইকোর্ট ৮ জুন, ২০২২ আবারও তদন্ত কর্মকর্তাকে বাবুল আক্তারের শিশুপুত্র ও কন্যাকে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে জবানবন্দি গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ ছিল ভয় ভীতিহীন পরিবেশে বাচ্চাদের জবানবন্দি গ্রহণ করতে হবে।
জবানবন্দি গ্রহণকালে তদন্ত কর্মকর্তা হাইকোর্টের আদেশের বাইরে অতিরিক্ত একজন লোক নিয়ে সেখানে প্রবেশ করেন। এছাড়া ঝিনাইদহ থেকেও পিবিআইর একটি টিম সকালে সমাজসেবা কার্যালয়ে অবস্থান নেন। এর মাধ্যমে শিশু বাচ্চারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, এটি আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরো বলেন, গায়ত্রী অমর সিং নামে যে বিদেশী নারীর সঙ্গে পরকিয়ার গল্প তৈরি করা হয়েছে, সেই নারী ২০১৩ সালে বাংলাদেশ থেকে চলে যান। আমার ভাবী খুন হন ২০১৬ সালের ৫ জুন। পিবিআই আজ পর্যন্ত এ বিদেশী মহিলাকে হাজির করতে পারেনি।
হাবিবুর রহমান অভিযোগ করেন, এ মামলার মূল পরিকল্পনাকারী কামরুল শিকদার মুসাকেও গ্রেফতার না করে যারা এ ঘটনার কিছুই জানে না তাদের দিয়ে সাক্ষী তৈরির চেষ্টা করছে।
উল্লেখ্য, ৫ জুন, ২০১৬ শিশুসন্তানকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রামের জিইসির মোড়ে খুন হন মাহ্মুদা খানম মিতু। ওই সময় আক্তার মাহমুদ মাহিরের বয়স ছিল ছয় বছর এবং কন্যা তাবাচ্ছুমের বয়স ছিল চার বছর।










