পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
২০২৪ সালের ৫ই অগাস্ট পরবর্তী গণহারে হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব মানুষ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে আছেন, সেসব মামলা পরীক্ষা নিরীক্ষা করে পুলিশকে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, ৫ই আগস্টের পর বেশকিছু মামলায় অনেক ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে। অনেক মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাদের ভোগান্তি যেন না হয় সে ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে ‘
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মব কালচারের বিরুদ্ধে আমরা রিয়েক্ট করবো খুব কঠোরভাবে। দেশে কোনো মবকালচার থাকবে না। মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারক লিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে আদালতে যাবে।
যেকোনো বৈধ আইনানুগ দাবি দাওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে বিবেচনা হবে এটাই নিয়ম। রাস্তায় দাড়িয়ে গেলাম পরীক্ষা দেব না আগামীকালকে সেটা হবে না। বৈঠকে পুলিশ সুপারদেরকে দেশে রাজনৈতিক কারণে বিধির বাইরে কোনো ব্যক্তিকে প্রোটোকল না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।









