নরসিংদীর শিবপুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।
ওই দুই শিশু হলো- শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
নিহতদের স্বজনরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সোহা এবং হাবিবা দুজনই পানিতে তলিয়ে যায়। এ সময় স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, স্থানীয়রা উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।










