অগ্রাধিকার ভিত্তিতে ‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’—এ স্লোগান সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভোলা খেয়াঘাট সড়কে সুন্দরবন গ্যাস কোম্পানির কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। এরপর এক এক করে খনন করা হচ্ছে নতুন নতুন কূপ। এত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও ভোলাবাসী জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছে। শোনা যাচ্ছে, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা হবে। কিন্তু আমাদের দাবি একটাই, আগে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে হবে। এরপর এ গ্যাস সরকার যেখানে খুশি সেখানে দেবে, তা নিয়ে আমাদের কোনো কথা থাকবে না।

তিনি আরো বলেন, প্রতিটি ঘরে সংযোগ দেয়ার জন্য গ্রাহকের কাছ থেকে বছর দুয়েক আগেই সুন্দরবন গ্যাস কোম্পানি ও পৌরসভা প্রায় শতকোটি টাকা জমা নিয়েছে। এত টাকা তাদের কাছে গচ্ছিত থাকা সত্ত্বেও দুই বছরের বেশি সময় গ্রাহকরা গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। তিনি ভোলাবাসীর ঘরে গ্যাস পৌঁছে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভোলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।