লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত রেদওয়ান হোসেন মিলন (২২)  রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছোট ছেলে। মামলার বাদী তার মামা মো. টিপু সুলতান।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকালের দিকে বাড়ির লোকজন আমেনা বেগমের বসতঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। এ সময় ঘরের ভেতর ছিলেন তার ছোট ছেলে মিলন। বাড়ির লোকজনের ডাকাডাকিতে তিনি দরজা খুলে দেন। স্বজনরা ঘরে ঢুকে আমেনা বেগমের পোড়া মৃতদেহ দেখতে পান। তখন মাকে হত্যার কথা স্বীকারও করেন মিলন। পরে তাকে আটক রেখে পুলিশকে খবর দেয়া হয়।  

ওইদিন মিলনের মামা মো. টিপু সুলতান (৫১) বাদি হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, মিলনের দেয়া জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।