হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) ভোরে হরষপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের পাশে অবস্থিত দোকানগুলো পুড়েযায়। এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশাপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম (কামাল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিককাণ্ডে খবর পেয়ে হরষপুর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ব্যবসায়ীদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।  

হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যাই। তাৎক্ষণিকভাবে স্থানীয় ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিব হোসেন বলেন, আমরা তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।