সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে তৈয়বুর রহমান হত্যা মামলায় লুত্ফুর রহমান (৩৫) নামের একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ সময় লুত্ফুরের বড় ভাই মিজানুর রহমান (৩৭) নামের আরেক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত লুত্ফুর সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় বড় ভাই মিজানুর রহমানের শ্যালক তৈয়বুর রহমানকে খুন করেন লুত্ফুর রহমান। এ ঘটনায় ওই রাতে নিহতের বোন সিতারুন বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় পুলিশ তদন্ত করে লুত্ফুর রহমান ও মিজানুর রহমানকে আসামি করে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণ শেষে গতকাল অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আসামি লুত্ফুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেন। অন্য আসামি মিজানুর রহমানকে বেকসুর খালাস দেয়া হয়। এদিকে ওই হত্যাকাণ্ডের পর থেকে লুত্ফুর রহমান পলাতক।