মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলেদের জন্য সুদমুক্ত ঋণ দিতে না পারলেও স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করা হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার খাল সংলগ্ন বালুর মাঠে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য বছরে তিনবার জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হয়। এ সময়ে তাদের বিকল্প আয়ের সুযোগ দেয়ার বিষয়টি নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় ফরিদা আখতার বলেন, ইলিশ আন্তর্জাতিক সম্পদ। যে সব জেলায় ইলিশ উৎপাদন হয়, সে জেলাগুলোয় দারিদ্র্য থাকতে পারে না। মা ইলিশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে বাইরের জেলেদের মাছ ধরার চেষ্টা প্রতিহত করার নির্দেশ দেন তিনি।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মো. শাহিন মজিদ, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মো. শরিফুল হক এবং নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. মোল্লা এমদাদুল্লাহ, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ এবং জেলে নেতা বশির গাজী।
সভায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৫ শতাধিক জেলে অংশগ্রহণ করেন।









