রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- কাইয়ুম (২২), রাজিব (১৮), রহমত উল্লাহ (১৯), ইউসুফ (৪০), সোহান (২২), আয়ান (২১),শুভ (২৪), জাহাঙ্গীর (২১),শাকিল (২২) ও হাসান (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।