রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে প্রত্যাখ্যান করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন বা রোসাটম।
গতকাল রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে এ ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান ও জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়ন হচ্ছে।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় দেশের প্রথম এ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর রোসাটম করপোরেশনের প্রকৌশল শাখা এটময়এক্সপোর্ট। এটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ৯০ ভাগ অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে। ১০ ভাগের জোগান দিচ্ছে সরকার। গ্লোবাল ডিফেন্স কর্প নামে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়। প্রকাশিত ওই সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয়।










