ভোলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড লালস্কুল-সংলগ্ন এলাকায় সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২২ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড লালস্কুল-সংলগ্ন টিউবওয়েল প্রতীকের সদস্য প্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে বৈদ্যুতিক ফ্যান প্রতীকের সদস্য প্রার্থী সিরাজ গোলদারের সমর্থকরা নির্বাচনী মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় সদস্য প্রার্থী সিরাজ গোলদারের সমর্থকরা নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের পাশে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে টিউবওয়েল প্রতীকের সমর্থক মো. আলমগীর, জসিম উদ্দিন, সাদ্দাম, মাইনউদ্দিন, কহিনু, বজলুর আলম, আশিক, রুবেল, সাকিব, সালমাসহ ২০ জন ও বৈদ্যুতিক ফ্যান প্রতীকের অহিদুর রহমান, মো. রাকিব, হানিফ, আবু তাহের, আমির হোসেন, সালাউদ্দিন, মিরাজসহ সাতজন সমর্থক গুরুতর আহত হয়েছেন।
টিউবওয়েল প্রতীকের সদস্য প্রার্থী নুরুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী কার্যালয়ে এসে কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার প্রায় ২০ জন কর্মী আহত হয়েছেন।
এদিকে অভিযুক্ত বৈদ্যুতিক ফ্যান প্রতীকের সদস্য প্রার্থী সিরাজ গোলদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়, তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, দুই পক্ষ থেকেই মোবাইল ফোনে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।










