মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশী কিশোরকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটকদের মধ্যে রয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পশ্চিমপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো. বাপ্পি, একই এলাকার ওসমান গনি রাব্বি এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. জনি মিয়া।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সময়ে আটক হওয়া তিন বাংলাদেশী নাগরিককে সমন্বয়ের মাধ্যমে আজ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিজিবি জানায়, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরো দুজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। পরে পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় শুরু করে।
বিজিবির এক কর্মকর্তা জানান, দীর্ঘ যোগাযোগ ও সমন্বয়ের পর শুক্রবার দুপুরে ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে যাচাই-বাছাই শেষে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।










