বিদ্যুৎ, জ্বালানি
ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের কাছে
আলাদিনের চেরাগ নেই। ১৬ বছরের অনিয়ম, দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে
আমরা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করছি।
শনিবার (২৪ আগস্ট)
বেলা ১২টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াটের স্প্রেক্টা
সোলার পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ উপদেষ্টা এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, হুট করেই বিদ্যুতের দাম কমানো সম্ভব নয়। কারণ প্রতি বছর এ খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। আগে বেশি দামে বিদ্যুৎ কেনায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। কম দামে বিদ্যুৎ কেনা সম্ভব হলে তখন দাম কমানোর সুযোগ হবে।
তিনি আরো বলেন, বন্যাকবলিত
এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ
করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পরিদর্শনকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এবং মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










