নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের
সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ
করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন
এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বুধবার (২২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা মানু মজুমদারের সহযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল এ তথ্য নিশ্চিত
করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে বেলা সাড়ে
৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্যে ভারতে পাঠানো
হয় মানু মজুমদারকে। পরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ
করেন।
তিনি আরো জানান, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেফতার
হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের।
পরে ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন এ প্রতিরোধযোদ্ধা। ২০১৮ সালে একাদশ জাতীয়
সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে সংসদ
সদস্য নির্বাচিত হন।
মানু মজুমদারের সঙ্গে ১০ বছর জেল খাটা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল জানান, আজ বুধবার (২২ মে) ভারত থেকে মরদেহ আনা ও পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের স্ত্রীসহ পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।










