সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের হামলায় দায়িত্বরত আনসার ক্যাম্পের সহকারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন আনসার ক্যাম্পের সহকারী (নৌকাচালক) মেহেদী হাসান শুভ (২৫), কমিউনিটি গার্ডের সদস্য হাবিবুর রহমান বাদশা (২৬), জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নৌকাচালক মনির মিয়া (২৭)। এর মধ্যে আহত নৌকাচালক মেহেদী হাসান শুভকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এক পাখি শিকারিকে আটক করা হয়েছে। গতকাল ভোরে পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিলে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকার করা হচ্ছে এমন খবরে আনসার ক্যাম্পের সহকারী (নৌকাচালক) মেহেদী হাসান শুভ, কমিউনিটি গার্ডের সদস্য হাবিবুর রহমান বাদশা, জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নৌকাচালক মনির মিয়া পাখির অভয়াশ্রম লেচুয়ামারা বিলে অভিযানে যায়। এ সময় টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদকসহ সদস্যরা তাদের সঙ্গে ছিলেন। লেচুয়ামারা বিলে পৌঁছলে দূর থেকে কমিউনিটি গার্ডের টহলকৃত নৌকা লক্ষ্য করে পাখি শিকারিরা ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে কাছাকাছি গেলে পাখি শিকারে ব্যবহূত টেঁটা দিয়ে হামলা করে। এতে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নৌকাচালক মেহেদী হাসান শুভ। এ সময় পাখি শিকারের টেঁটাসহ জমির মিয়া (৩০) নামের এক পাখি শিকারিকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। গুরুতর আহত মেহেদী হাসান শুভকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন জানান, গতকাল ভোরে পাখি শিকার ঠেকাতে গিয়ে শিকারিদের হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।