২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২টায়।
এ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণীর করদাতা নিবন্ধন করেছেন এবং ৪২ লাখ ৫০ হাজারের বেশী করদাতা রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।
আজ আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় হলেও ব্যক্তি করদাতারা রাত ১২ পর্যন্ত লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারবেন।
এনবিআর জানিয়েছে, কেউ ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ হলে যৌক্তিক কারণ উল্লেখ করে অনলাইনে রাত ১২টার মধ্যে সর্বোচ্চ ৯০ দিন সময়বৃদ্ধির আবেদন দাখিল করতে পারবেন। যারা অনলাইনে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেন নাই তারা নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে পারবেন।










