স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অশান্ত ও অন্ধাকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরার নলতা এমআর কলেজ মাঠে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শেখ হাসিনা আছেন বলেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ঘাতকেরা চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবার ও সহযোগীদের হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চিহ্ন মুছে ফেলতে। কিন্তু শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে। তিনি দেশকে ভালবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে।

তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সেবা করেছেন। তিনি যা করছেন দেশের জন্য ইতিহাস। বিগত দিনের তুলনায় দারিদ্রতা ৫ শতাংশে নেমে এসেছে। দক্ষতা, সততায় বিশ্বব্যাপী সুনাম কুড়াচ্ছেন। রোহিঙ্গাদের আশ্রায় দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। যার ফলে মাদার অব হিউম্যানিটি উপাধী পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ২০১৪ সালে সাতক্ষীরা এসেছিলাম, এখন সেই সাতক্ষীরা পরিবর্তন হয়েছে। তাই শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে দেশকে এগিয়ে নিন।

সভায় সভাপত্বি করেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন। সভায় আরো উপস্থিত ছিলেন-কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটো,  সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রহুল হক, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অনেকে।