চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা খাতুন (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল চালক কিশোর হৃদয়কে (১৪) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সোয়া ৭টার দিকে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমআই নিয়ামুল জানান, কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার শামসুলের স্ত্রী ফিরোজ খাতুন সকালে মতিয়ারের ইটভাটার সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইদুর ছেলে হৃদয় মোটরসাইকেল চালাচ্ছিল। দ্রুতগতিতে আঁকাবাঁকাভাবে চালিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সে ফিরোজা খাতুনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ৫০ গজ দূরে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দ্রুতগতির মোটরসাইকেলসহ কিশোর হৃদয়ও পার্শ্ববর্তী একটি গর্তে পড়ে যায়। স্থানীয়রা তাকে আটক করে।

এ দুর্ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন করার পর দাফনের জন্য দিয়ে দেয়া হবে বলে জানান তিনি।