নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফজলুল হক (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোটভাইয়ের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ফজলুল হকের মৃত্যু হয়। 

এরআগে গতকাল সোমবার দুপুরে ওই বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেন তার ছোট ভাই ও ছোটভাইয়ের পরিবারের লোকজন। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কাহিনা পাড়ায় ঘটে এঘটনা।

নিহতের ছেলে মো. আজম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার ভাতিজি (নিহতের নাতনী) কয়েকজন ছেলে-মেয়ে নিয়ে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এসময় তার চাচা মজিদ মিয়া ভাতিজি জহুরাকে চরথাপ্পর মারেন। এটা শোনার পর তার বাবা ফজলুল হক শিশুটিকে মারধরের কারণ জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মজিদ অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আশেপাশের লোকজন এসে তাদের নিবৃত্ত করেন।

তিনি অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে মজিদ তার ছেলে আলমগীর, আব্দুল্লাহ ও মেয়ে হামিদাসহ পাঁচ-ছয়জন ফজলুল হকের বাড়িতে ডুকে ফের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় ফজলুল হক তাদের গালিগালাজ না করতে ও বাড়িতে চলে যেতে বলেন। এত ক্ষিপ্ত হয়ে মজিদ ও তার পরিবারের সদস্যরা ফজলুল হককে পিটিয়ে আহত করে। 

এদিকে মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হওয়ায় ফজলুল হককে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।