‘তুচ্ছ’ ঘটনায় সাময়িক বরখাস্তের প্রতিবাদ এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন ২৫টি ক্যাডারের সদস্যরা। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে বরখাস্তের আদেশ প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

রোববার (২ মার্চ) সরকারি কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত সরকারি কর্মকর্তারা। পরে নিজ নিজ কার্যালয়ে অথবা কয়েকটি ক্যাডার সম্মিলিতভাবে সাংবাদিকদের সামনে নিজেদের দাবি তুলে ধরেন। প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে হাসপাতালের সামনে এ কর্মসূচি ও প্রেস ব্রিফিং হলেও সেখানকার জরুরি বিভাগসহ সেবাগুলো কর্মবিরতির আওতার বাইরে রয়েছে।

সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে প্রশাসন ক্যাডারের সদস্যরা একই ধরনের কাজ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি, বৈষম্যপূর্ণ রাষ্ট্র-ব্যবস্থাকে কাজে লাগিয়ে ২৫ ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন ক্যাডার।