ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধন হলো ষষ্ঠ আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সম্মেলনটির উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মাদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর অধ্যাপক ফ্রেড ফিলিপস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহাম্মদ আবদুল মঈন। অতিথি ও স্পন্সরদের ধন্যবাদ জানান ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সরকার আমাদের অর্থনীতির উন্নয়নে স্থানীয় ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা প্রদান করে আসছে। এ সম্মেলন শিক্ষাবিদ ও গবেষকসহ সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে করোনা মহামারী-পরবর্তী পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টেকসই অর্থনীতির জন্য আরো মৌলিক গবেষণা পরিচালনা এবং উদ্ভাবনে জোর দিতে হবে।’

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘‌চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারী-পরবর্তী পরিস্থিতিতে অধিকাংশ দেশই অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিশ্বসম্প্রদায় এ অর্থনৈতিক সংকট মোকাবেলায় এবং সংকট থেকে উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ এ সম্মেলন শেষ হবে। এতে মোট ৪২টি গবেষণা প্রবন্ধ ও বিজনেস কেস উপস্থাপন করা হবে।