সরকার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল দিনাজপুরের বোচাগঞ্জে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। বিভিন্ন সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। আলোচনার কোনো বিকল্প নেই। বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, মহান মে দিবসের অঙ্গিকার বাস্তবায়ন হবে। বর্তমান সরকার সমন্বিত উন্নয়নের লক্ষ্যেই কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘মে দিবসের সংগ্রাম এখনো শেষ হয়নি। এ সংগ্রাম নীরব। এক সময় একজন শ্রমিক একবেলা ভাতের জন্য সারাদিন পরিশ্রম করেছে। কিন্তু সে চিত্র এখন আর নেই। দিন বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে। এ দিনবদলের অন্যতম কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে।

তিনি দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল দ্রুত সময়ে নতুন ব্যবস্থাপনায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ চিনিকল নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমরা সে রাজনীতি থেকে বের হয়ে এসেছি। চিনিকলটি দ্রুত সময়ে চালুর ব্যবস্থা করা হবে।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, শ্রমিক নেতা মানিকুল ইসলাম, মুক্তা, মো. আলম প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী দিনাজপুরের বিরল বাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপজেলার সম্মিলিত শ্রমিক সংগঠন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। বিকেলে বোচাগঞ্জে মহেশপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাঁওতাল বিদ্রোহের স্মৃতি ভাস্কর্য ‘সিধু-কানু’ উদ্বোধন করেন।