মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল। অভিযান টের পেয়ে আত্মগোপন করেন বাড়ির মালিক আবদুল জব্বার।

গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, আবদুল জব্বার পেশায়  গাছী (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী)। পাশাপাশি তিনি গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে তার বাড়ির আশপাশ ঘিরে অভিযান শুরু করা হয়। একপর্যায়ে তার বসতবাড়ির শয়নকক্ষের বাক্সের মধ্যে মাটির হাঁড়িতে রাখা পাঁচটি, দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা পাঁচটি বোমা উদ্ধার করা হয়। অভিযানে ঘর থেকে বের করা হয় বোমা তৈরির সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম।

আবদুল জব্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে ওসি আরো বলেন, বোমাগুলো পানিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।