ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসা বিলুপ্তপ্রায় প্রাণী নীলগাই ধরে জবাই করেছে গ্রামবাসী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অনেক লোক মিলে ধরে নীলগাইটিকে জবাই করছে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করে অসুস্থ থাকায় জবাই দিয়েছে বলে শুনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

রানীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাঈন স্টিভ বলেন, বিলুপ্তপ্রায় প্রাণী নীলগাই জবাই দেয়া ঠিক হয়নি। গ্রামের মানুষের বক্তব্য, নীলগাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে সেখানে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।