বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ শঙ্কা প্রকাশ করে বলেন, একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে চাইছে। নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার হীন উদ্দেশ্যে পতিত স্বৈরাচারী শক্তির সঙ্গে দেশী-বিদেশী দোসররা এর সঙ্গে জড়িত থাকতে পারে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা হাদির এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। তবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এ ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন পেছানো বা বানচালের কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, এজন্য দেশের জনগণকে সজাগ থাকতে হবে।

আগামী দিনের বিএনপির রাজনৈতিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের মাধ্যমে দেশ ও জাতিকে স্পষ্ট বার্তা দেয়া হবে। সেই সমাবেশের মধ্য দিয়ে জানিয়ে দেয়া হবে, দেশে আর কোনো ষড়যন্ত্র দানা বাঁধতে পারবে না।

এ সময় আসন্ন নির্বাচনে দলের বাকি প্রার্থীদের মনোনয়নের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জানান সালাহউদ্দিন আহমদ।