অনিক চাকমা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স বিভাগের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের পাশে এস আলম নামে একটি কটেজের ২১২ নম্বর রুম থেকে অনিকের লাশ উদ্ধার করা হয়।

চবি মেডিকেল সেন্টারের প্রধান আবু তৈয়ব জানান বলেন, আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, গতরাতে আত্মহত্যা করে ওই ছাত্র। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।