নাব্যতা সংকটের কারণে ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। আজ রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় ড্রেজিং করে চ্যানেলের গভীরতা ফিরিয়ে আনার পর ফেরি চালু করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টায় নাব্যতা সংকটের জন্য ফেরি চলাচল বন্ধ করতে হয়েছিল। আজ পরীক্ষামূলকভাবে ছোট-বড় ১২টি যানবাহন নিয়ে রোরো ফেরি ধানসিঁড়ি আরিচা ঘাট থেকে কাজীরহাটের উদ্দেশ্যে যায়। এই পরীক্ষায় সফল হওয়ার পর কম সংখ্যক যান নিয়ে ফেরি চলাচল চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, গত কয়েকদিন ধরে ডুবোচরের কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। কম লোড নিয়ে ফেরি চলাচল চালু রাখা হয়েছিল। তবে পানি কমতে থাকায় চ্যানেলটি সরু হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই শুক্রবার রাত থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়। এতে আরিচা ঘাটে প্রায় ১০০টি এবং কাজিরহাটে প্রায় ২০০টি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের আরিচা অঞ্চলের প্রকৌশলী ওসমান গনী জানান, এই বছর আরিচা-কাজীরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩৮ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নাব্যতা বজায় রাখতে ২৪০ ফুট চওড়া এবং ১০ ফুট গভীরতার চ্যানেল তৈরির কাজ চলছে।

ফেরি চালু হওয়ার পর আটকে থাকা কয়েকশ পণ্যবাহী ট্রাক পারাপার শুরু করেছে। তবে দীর্ঘ সময় আটকে থাকায় ট্রাকচালক, সহকারী ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়।