ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে প্রকাশ্যে সিল মারা ও নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ্ব আকবর হোসেন কাওমী মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইলিয়াস উদ্দিন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও নৌকা প্রতীকের এজেন্ট।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান বলেন, কেন্দ্রের ভেতরে নিয়মবর্হিতভুত কাজ করার অভিযোগে ইউএনও-এর নির্দেশে তাদের আটক করে থানায় পাঠানো হয়েছে।